.jpeg)
সুন্দরবনে বাঘের আতঙ্ক।
শেষ আপডেট: 20 December 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতের আতঙ্ক এখনও কাটছে না কুলতলির ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আবার যদি ওরা আসে! যদি থাবা বসায়, যদি জঙ্গলে টেনে নিয়ে যায়! আতঙ্কে এই শীতেও দরদর করে ঘামছেন নদী-জঙ্গলে ঘেরা সুন্দরবনের বিস্তৃর্ণ তল্লাটের বাসিন্দারা।
তাঁদের কথায়, "এতদিন জঙ্গলে ঢুকলে বাঘে হানা দিত, এখন তো বাঘই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। তাহলে থাকব কোথায়?"
শীতের দাপট বাড়তেই নতুন করে বাঘের উৎপাত শুরু হয়েছে সুন্দরবনের জঙ্গল লাগোয়া বসতি এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবারই বৈঠভাঙির জঙ্গলে বাঘের আক্রমণের মুখে পড়েছিলেন ২২ বছরের এক তরুণ। আঁচড়ে, কামড়ে ফালাফালা করে দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তার অব্যহতি পরেই কুলতলিতে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। স্থানীয় সূত্রের দাবি, এলাকার বহু জায়গাতেই মোবাইলের টাওয়ার ঠিকঠাক মেলে না। রাতের খাওয়া সেরে মোবাইল হাতে বাড়ি থেকে কিছুটা দূরে বেরিয়েছিলেন দেবীপুর হাইস্কুলের পড়ুয়া রাহুল হালদার। নকুলের মোড় এলাকায় আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করে রাহুল। প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এলে বাঘটি জঙ্গলে ঢুকে যায়।
পরে গুরুতর জখম অবস্থায় রাহুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে রাতে এলাকায় আসেন বনকর্মীরা। বাঘকে গভীর জঙ্গলে ফেরাতে রাতভর বাজিপটকা ফাটানো হয়। তবে আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। অন্ধকার নামলে আবার যদি বাঘ আসে!