জেলা পুলিশের তরফে এটি রুটিন বদলি বলা হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে অন্য চর্চা চলছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 31 July 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: বীরভূম জেলা পুলিশে ফের রদবদল (Birbhum District Police)। বুধবার সন্ধ্যায় জেলার তিনটি থানার অফিসার ইন চার্জ (ওসি)-কে বদলি করা হয়েছে। জেলা পুলিশের তরফে এটি রুটিন বদলি বলা হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে অন্য চর্চা চলছে।
সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলে কোর কমিটির আহ্বায়কের পদ পেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তারপরই জেলা পুলিশের অভ্যন্তরের এই রদবদল হওয়ায় অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। যদিও এমন জল্পনা উড়িয়ে দিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মল্লারপুর থানার বর্তমান ওসি রাজকুমার দাসকে বদলি করে পাঠানো হয়েছে সাঁইথিয়া থানায়। তাঁর জায়গায় মল্লারপুরের নতুন দায়িত্বে এলেন রাহুল গোঁসাই। অন্যদিকে, আহমেদপুর থানার ওসি মনোজকুমার পতিকে সরিয়ে এনে বোলপুর থানার সেকেন্ড অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। আহমেদপুরের ভার এখন সামলাবেন আব্দুল হানিফ।

গত মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের (Birbhum) সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের দুই শক্তিশালী গোষ্ঠী, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে শুরু হয় বেধড়ক মারধর ও ঢিল ছোঁড়াছুঁড়ি। এর আগে মল্লারপুরে তৃণমূলের দুই নেতা খুন হয়েছিলেন। সম্প্রতি জেলা সফরে গিয়ে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলির অফিসারদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই পুলিশের এই রদবদল হওয়ায় অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।