দ্য ওয়াল ব্যুরো: শেষ দফার নির্বাচনের আগে রাজীব কুমারকে এডিজি সিআইডি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। অ্যাটাচ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর নবান্ন তাঁকে পুনর্বহাল করে এডিজি সিআইডি পদে। এদিন রাজ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে জানাল, রাজীবকে সেখান থেকে রিলিজ করা হোক।
রাজ্যের এই চিঠির ফলে স্পষ্ট, রাজীব কুমার এখনও এডিজি সিআইডি পদে দায়িত্ব নেননি। তাই নবান্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই তদ্বির করেছে।
রবিবার রাতে রাজীব কুমারকে নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার তাঁকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি যাননি। দুপুরে সিআইডি-র দুই আধিকারিক একটি মুখবন্ধ খাম নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। জানা যায়, রাজীবকুমারের পত্রবাহক হিসেবে ওই দুই রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিক সিজিও-তে গিয়েছিলেন। যদিও তাঁরা কিছুই বলেননি চিঠির ব্যাপারে। তখনই প্রশ্ন উঠেছিল, রাজীব কুমার যদি সিআইডি-র দায়িত্ব না নিয়ে থাকেন ভোটের পর, তাহলে সেই সংস্থার কর্তারা তাঁর পত্রবাহক হিসেবে গেলেন কী ভাবে?
দায়িত্ব নিয়েছেন কি নেননি এ নিয়ে ধোঁয়াশা থাকলেও, এ দিন তা স্পষ্ট হয়ে গেল নবান্নের চিঠিতে।