
ঘাটালের তৃণমূল সাংসদ, অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
শেষ আপডেট: 26 June 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মধ্যে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ এনে সোশ্যাল মাধ্যমে একটি অডিও পোস্ট করেছিলেন (অডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি) ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
হিরণের ওই অডিওকে ফেক হিসেবে দাবি করে সে সময় সংবাদমাধ্যমে দেব দাবি করেছিলেন, "ভাইরাল অডিও নিয়ে আমি এফআইআর করছি। ফেক অডিও বানানো হচ্ছে। তাদের চিহ্নিত করতে ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক।’’
এ ব্যাপারে দেবের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেছিলেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। ঘটনার সত্যতা জানতে সিবিআই তদন্তের দাবি করেছিলেন ওই ব্যক্তি।
ওই মামলার প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে ওঠা নিয়োগ দুর্নীতির অভিযোগ সম্পর্কে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অবস্থান জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৫ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন সিবিআইকে তাঁদের অবস্থান জানাতে বলেছে আদালত।
এদিন মামলাকারীর পক্ষে শুনানিতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম। তাঁদের বক্তব্য, "একজন সাংসদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতে যুক্ত থাকার অভিযোগ যথেষ্ট গুরুতর। অবিলম্বে সিবিআইকে দিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা উচিত।" দেবের হয়ে এদিন মামলার সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।