দ্য ওয়াল ব্যুরো : ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Record Rain) হবে দিল্লিতে। শনিবার সকাল সাড়ে আটটায় এমনই জানিয়েছিল আবহাওয়া অফিস। এদিন বেলায় প্রবল বৃষ্টিতে জল জমল ইন্দিরা গান্ধী বিমান বন্দরে। বাধ্য হয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করল বিমান বন্দর কর্তৃপক্ষ। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, আংশিক জলমগ্ন বিমান বন্দরে দাঁড়িয়ে আছে কয়েকটি বিমান। ইন্ডিগো এবং স্পাইসজেট টুইট করে জানিয়েছে, বৃষ্টির জন্য বিমানের ওঠানামার সময় পরিবর্তিত হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। দিল্লি ও তার আশপাশে বাহাদুরগড়, গুরুগ্রাম, মানেসর, ফরিদাবাদ, বল্লভগড়, লোনি দেহাত, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, নয়ডা, দাদরি ও গ্রেটার নয়ডাতেও প্রবল বৃষ্টি হবে।
এদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১১ বছরের রেকর্ড বৃষ্টি হয়েছে দিল্লিতে। দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জানায়, "আমরা দুঃখিত। আচমকা বৃষ্টিতে বিমান বন্দরে জল জমে গিয়েছে। আমরা এই সমস্যা দ্রুত দূর করার চেষ্টা করছি।"
শুক্রবার জানা গিয়েছে, ভারী বৃষ্টির কবলে পড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। ফের নিম্নচাপের ভ্রূকুটি বাংলায়। উত্তর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার যা আরও জলীয় বাষ্প জোগাড় করে গভীর নিম্নচাপের চেহারা নেবে। বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে ক্রমশ। এর জেরে গাঙ্গেয় বঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
একদিকে নিম্নচাপ অন্যদিকে বৃষ্টি অক্ষরেখা, দুয়ের প্রভাবে এখনই বর্ষা বিদায় নিচ্ছে না বাংলা থেকে। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। প্রবল জলোচ্ছ্বাসও হতে পারে। তাই এখন থেকেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।
এ বছর শুরু থেকেই মৌসুমী অক্ষরেখা সক্রিয়। বার কয়েক নিম্নচাপও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। হাওয়া অফিস বলছে, ফের উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হচ্ছে। শনিবারই গভীর নিম্নচাপের চেহারা নেবে। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও নিম্নচাপ তৈরি হয়েছে। এরই পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। ফলে গাঙ্গেয় উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনাই দেখছেন আবহবিদরা।
কলকাতা ও তার আশপাশের অঞ্চলে এদিন সকালে একপশলা বৃষ্টিপাত হয়। আবহবিদদের ধারণা, রবিবার থেকে বৃষ্টি বাড়বে।