নতুন বছরের শুরুতেই কলকাতায় রেকর্ড ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে। কবে ফিরবে জাঁকিয়ে শীত, কী বলছে হাওয়া অফিস?

আবহাওয়া
শেষ আপডেট: 2 January 2026 11:20
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই শীতের কামড়ে কাঁপছে কলকাতা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরসুমের মধ্যে একটি উল্লেখযোগ্য রেকর্ড। কনকনে ঠান্ডায় মুগ্ধ সাধারণ মানুষ। তবে এই শীতের আমেজ যে খুব বেশি দিন থাকবে না, সে ইঙ্গিতই দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
খারাপ খবর হল, আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। বিশেষ করে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামীকাল কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর টানা তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে, সে সময় পারদে বড় কোনও পরিবর্তন হবে না।
তবে প্রশ্ন উঠছে, আবার কবে ফিরবে জাঁকিয়ে শীত? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে আর তেমন জোরালো শীতের সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে ফের ঠান্ডার দাপট বাড়তে পারে। সেক্ষেত্রে আবার কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তাই আপাতত লেপ-কম্বল তুলে রাখার আগে দু’বার ভাবার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।
শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও বাড়ছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের চারটি জেলা কুয়াশায় ঢেকে যেতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবি ও সোমবারও এই জেলাগুলিতে ঘন কুয়াশা বজায় থাকবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গও কুয়াশার দাপট থেকে রেহাই পাচ্ছে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া এবং বীরভূম-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র কিছুটা আলাদা। যেখানে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার আশঙ্কা, সেখানে উত্তরবঙ্গে উল্টো ছবি দেখা যেতে পারে। সেখানে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে একবার এই পতনের পর তাপমাত্রায় আর বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
এদিকে পাহাড়ে নজর কাড়ছে সম্ভাব্য তুষারপাত। হাওয়া অফিস জানিয়েছে, আজ দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বরফ পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামীকালও সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে গোটা উত্তরবঙ্গেই আবহাওয়া শুষ্ক হয়ে যাবে বলে জানানো হয়েছে।