
শেষ আপডেট: 15 May 2023 18:33
দ্য ওয়াল ব্যুরো: রবি শাস্ত্রী (Ravi Shastri) নিজে কী বলেন নিজেই জানেন না। আচমকা বিতর্কিত কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার। এবার তিনি আইপিএলের মধ্যে বলে বসলেন টি ২০ (T 20) বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ছাড়া ভারতীয় দল (India) নির্বাচন করা উচিত।
ভারতীয় দলের প্রাক্তন কোচ মনে করছেন এই মুহূর্তে জুনিয়র তারকারাই ভাল খেলছেন টি ২০ ক্রিকেট। তাই তাঁদের দলে রাখা উচিত।
এর সঙ্গে সঙ্গে বিরাট কোহলি এবং রোহিতকে ওডিআই ক্রিকেট ও টেস্ট ক্রিকেট ম্যাচের জন্য ফিট থাকা উচিত বলেই মনে করছেন ভারতের প্রাক্তন স্পিনার।
এক ওয়েবসাইটে কথা বলতে গিয়ে শাস্ত্রী জানান, 'বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের টেস্ট ম্যাচের জন্য ব্যবহার করা উচিত। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই অভিজ্ঞতাগুলি কাজে লাগবে।' তিনি মনে করছেন কোহলি ও রোহিত টি ২০ ক্রিকেটে নিজেদের আর মানাতে পারছে না।
রবি শাস্ত্রী বলেন, 'ভারতের দল নির্বাচনে বর্তমানে যেসব ক্রিকেটাররা ফর্মে রয়েছে তাদেরকেই গুরুত্ব দেওয়া উচিত। বেশি ম্যাচ খেলানো উচিত। এখন অবশ্যই অভিজ্ঞতা এবং ফিটনেস বিবেচনা করা হবে। এছাড়াও বিবেচনা করা হবে কে বেশি ভাল খেলছে। আর কে রান বেশি পাচ্ছে।'
শাস্ত্রী মনে করেন এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া টি ২০ দলের জন্য আদর্শ নেতা। তবে নামী প্রাক্তন ক্রিকেটারের ধারণা, ছোট ক্রিকেটে আটে নামা ব্যাটসম্যান দলের বিশেষ কাজে আসবেন।