বিশেষজ্ঞদের মতে, এই বিপুল শক্তি ভাণ্ডার রাজ্যের অর্থনীতিতে বড় রকমের ইতিবাচক প্রভাব ফেলবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 July 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মাটির তলায় লুকিয়ে ছিল বিপুল সম্পদ (Oil Gas)। অবশেষে তার হদিস মিলল রানাঘাট (Ranaghat) ও কাঁকপুলে (Kakpul)।
সংসদে কেন্দ্র জানাল, এই দুই জায়গায় পাওয়া গিয়েছে একটি বিরাট জ্বালানি ভাণ্ডার, যার বাজারমূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা। উত্তর ২৪ পরগণার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাট, এই দুই অঞ্চলে দুটি নতুন তেল ও গ্যাস ব্লকের হদিস মিলেছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই শক্তি ভাণ্ডার আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC। প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, মোট শক্তির পরিমাণ প্রায় ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য, যার আনুমানিক আর্থিক মূল্য ৪১,০৭০ কোটি।
রাজ্যসভায় পশ্চিমবঙ্গের জ্বালানি সম্পদ সংক্রান্ত এক প্রশ্ন করেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। সেই প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রাজ্যের এই নতুন শক্তি ভাণ্ডারের কথা প্রকাশ্যে আনে।
বিশেষজ্ঞদের মতে, এই বিপুল শক্তি ভাণ্ডার রাজ্যের অর্থনীতিতে বড় রকমের ইতিবাচক প্রভাব ফেলবে। বাড়বে রাজস্ব আয়, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।