
ফাইল চিত্র
শেষ আপডেট: 6 April 2025 08:11
দ্য ওয়াল ব্য়ুরো: আজ রামনবমী। তার আগেই রাজ্যজুড়ে বাড়ানো হল নিরাপত্তা। কলকাতায় পরিস্থিতি খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান, উৎসবের দিন নিরাপত্তায় কোনও রকম খামতি রাখা হবে না। নজরদারিতে থাকছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা। রাস্তায় থাকবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ৫ জন যুগ্ম কমিশনার। পাশাপাশি মোতায়েন থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডও। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি কমিশনারের।
এদিকে, শনিবার হাওড়ার সাঁকরাইলে একটি মিছিলে অস্ত্র হাতে দেখা যায় কয়েকজনকে—যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে, মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যোগ দেন বেলদার এক রামনবমী অনুষ্ঠানে। রানাঘাটে রামনবমীর কর্মসূচিতে যাওয়ার আগে পথে ‘গো ব্যাক’ পোস্টার দেখতে পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনা নিয়ে তৃণমূল ও রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি। পাল্টা বিজেপির বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল।
কলকাতাসহ রাজ্যের নানা জায়গায় ইতিমধ্যেই রুটমার্চ করেছে পুলিশ। স্পষ্ট বার্তা—অস্ত্র নিয়ে মিছিল বরদাস্ত করা হবে না। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, “এভাবে ভয় দেখিয়ে লাভ নেই, যা পারেন করুন।” তাঁর এই মন্তব্যের জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “ওর গুন্ডামি বন্ধ করতেই তো পুলিশকে নামতে হচ্ছে।”
রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদও। তাদের তরফে জানানো হয়েছে, বজরং দলের সদস্যরা প্রত্যেকটি মিছিলে উপস্থিত থাকবেন। কোনও জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা রুখতে ‘সুরক্ষা বাহিনী’ তৈরি রেখেছে সংগঠনটি। প্রতিটি মিছিলে অন্তত ৫০ জন সদস্য মোতায়েন করা হবে। হিন্দুত্ববাদী সংগঠনের এই ‘সুরক্ষা বাহিনী’র ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল।