
শেষ আপডেট: 6 March 2023 07:09
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার রাজস্থানের (Rajasthan) ঝালওয়ার জেলার এক দলিত যুবক (Dalit youth) খুনের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। যুবকের নাম দূর্গেশ মেঘওয়াল। মাথায় ভারি ইট দিয়ে বারবার আঘাত করে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। বছর পঁচিশের সেই যুবকের ছিন্নভিন্ন দেহ দেখে এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। মৃত যুবকের চোখ থেঁতলানো, মাথায় ভারি আঘাতের চিহ্ন, পরনে কোনও কাপড় ছিল না। হানোতিয়া রাইমাল গ্রামের একটি সরকারি স্কুলের সামনে পড়ে থাকা খালি জায়গা থেকে পুলিশ দুর্গেশের দেহ উদ্ধার করে।
গত শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন দুর্গেশ। পরের দিন সকালবেলা পুলিশ তাঁর মৃতদেহ খুঁজে পায় একটি স্কুলের সামনে। পুলিশ জানায়, খুন করার পর তাঁর চোখ থেঁতলে দেওয়া হয় এবং দেহটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘষটে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়।
এই খুনের পিছনে কোনও কারণ এখনও জানা যায়নি । তবে গ্রামবাসীরা এই নৃশংস খুনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানাতে থাকে। তাঁদের দাবি, দোষীকে শীঘ্রই গ্রেফতার করতে হবে।
খবর পেয়ে এএসপি চিরঞ্জিলাল মিনা এবং এসপি রিচা তোমার ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অপরাধীকে চিহ্নিত করতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
বান্ডিল বান্ডিল টয়লেট পেপার খান এই যুবতী, ২৩ বছর ধরে কাগজ খেয়েই যাচ্ছেন