বৃষ্টির হাত থেকে আপাতত মুক্তি নেই রাজ্যবাসীর। বুধবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 August 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, এই নিম্নচাপ শক্তিশালী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে।
মৎস্যজীবীদের জন্য রাজ্যের উপকূলে কোনও সতর্কবার্তা নেই। তবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকবে ১৫ অগস্ট, শুক্রবার পর্যন্ত।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
রবিবার ও সোমবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে।
আজ, বুধবার নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের কিছু নিচু এলাকা, আন্ডারপাস ও নদী সংলগ্ন অঞ্চল প্লাবিত হতে পারে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়বে। পাহাড়ি এলাকায়, বিশেষত দার্জিলিং ও কালিম্পঙে দৃশ্যমানতা কমে আসবে এবং ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও একই ধরনের সতর্কতা জারি করেছে আলিপুর।
তাদের মতে, যদিও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে, তবে তা রেকর্ডভাঙা নয়। বর্ষাকালে প্রায় প্রতিবছরই এই ধরনের বৃষ্টি হয়ে থাকে।