
শেষ আপডেট: 27 November 2022 10:11
দ্য ওয়াল ব্যুরো: টিকিট কাউন্টারে বসে যাত্রীর (Passenger) টাকা নয়ছয় করছিল এক রেলকর্মী (Railway Employee)। সেই প্রতারণার ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিকিটের টাকা লেনদেনের সময় এই ঘটনাটি ঘটেছে দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। অভিযোগ পেতেই সেই কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে রেল (Indian Railway)। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
শুক্রবার টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন এক ব্যক্তি। যেখানে ক্যাপশনে ঘটনার বিবরণ দিতে গিয়ে তারিখের জায়গায় লেখা ২২ নভেম্বর, অর্থাৎ গত মঙ্গলবার। সেদিনের ঘটনাই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। সঙ্গে তিনি মেনশন করেছেন রেলওয়ে মন্ত্রক, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণকেও।
ভিডিওতে দেখা যাচ্ছে, টিকিট কাউন্টারে বসা এক রেলকর্মী যাত্রীর টিকিটের টাকা নিয়ে প্রতারণা করছেন। সেই যাত্রীটি সুপারফাস্ট গোয়ালিয়র এক্সপ্রেসের একটি টিকিট কাটার জন্য ৫০০ টাকা দিয়েছিলেন। যেই টিকিটের দাম ১২৫ টাকা। বদলে টিকিটের সঙ্গে তাঁর ফেরত পাওয়ার কথা ৩৭৫ টাকা। কিন্তু রেলকর্মীটি তাঁকে ২০ টাকা ফেরত দেয়। এরপর ১২৫ টাকার টিকিটের বদলে তিনি আরও টাকা দাবি করেন।
এই গোটা ভিডিওটিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকী রেলওয়ে সেবা-র টুইটার হ্যান্ডেলের নজরেও বিষয়টি আনা হয়। তারপরই সেই পোস্টের প্রতিক্রিয়ায় রেল কর্তৃপক্ষ জানায়, ওই রেলকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ বছরের মেয়েকে খাওয়ানোর টাকা নেই! মেরেই ফেলল ইঞ্জিনিয়ার বাবা