এই ঘোষণার পরেই নতুন করে চর্চা শুরু হয়েছে, তবে কি বাংলায় সেমি হাইস্পিড ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেলমন্ত্রক?
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 December 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে বাংলার (West Bengal) জন্য বড় রেল-বার্তা কেন্দ্রের। হাওড়া–খড়্গপুর শাখায় (Howrah-Kharagpur) একটি গুরুত্বপূর্ণ রেল সেতুর সংস্কার ও সম্ভাব্য পুনর্নির্মাণে প্রায় ৪৩২ কোটি টাকা (432 crore bridge renovation) বরাদ্দের অনুমোদন দিল রেলমন্ত্রক (Ministry of Railways)। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন বছরের মুখে কেন্দ্রের এই আর্থিক ছাড়পত্রকে নিছক পরিকাঠামোগত উন্নয়ন নয়, রাজনৈতিক দিক থেকেও ‘ইঙ্গিতপূর্ণ’ বলেই দেখছেন অনেকেই।
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের আওতায় হাওড়া-খড়্গপুর সেকশনে ৫৭ নম্বর রেল ব্রিজটি দেউলটিতে রয়েছে, সেটির সংস্কার হবে। ওই সেতুটি ৬০ বছরেরও বেশি পুরোনো। দীর্ঘদিন ধরেই সেতুর কাঠামোগত স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল। প্রাথমিক ভাবে সংস্কারের কথা বলা হলেও, প্রয়োজনে পুরো সেতুটি নতুন করে তৈরি করা হতে পারে। রেল আধিকারিকদের দাবি, কাজ শেষ হলে ওই সেতুর উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।
এই ঘোষণার পরেই নতুন করে চর্চা শুরু হয়েছে, তবে কি বাংলায় সেমি হাইস্পিড ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেলমন্ত্রক? বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রেনের গতি বাড়ানোর জন্য সেতু ও লাইনের এই ধরনের উন্নয়ন ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দেয়। যদিও রেলমন্ত্রকের তরফে এখনও সরাসরি সেমি হাইস্পিড ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়নি।
রেল জানিয়েছে, এই ৪৩২ কোটি টাকার বরাদ্দ শুধু সেতুর মধ্যেই সীমাবদ্ধ নয়। একই সঙ্গে খড়্গপুর শাখার গুরুত্বপূর্ণ কোলাঘাট স্টেশনের সংস্কার করা হবে। পাশাপাশি দেউলটি ও কোলাঘাট স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে প্ল্যাটফর্ম, অপেক্ষালয় ও অন্যান্য পরিকাঠামোর উন্নয়নও করা হবে।
সব মিলিয়ে ভোটের আগে বাংলায় রেলের এই বিনিয়োগকে উন্নয়নমূলক সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার, এই ঘোষণার সুফল কত দ্রুত বাস্তবে মিলতে শুরু করে।