দ্য ওয়াল ব্যুরো: আজ সকালেই অসুস্থ হয়ে এইমসে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বিকালেই হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি নিজে টুইটারে জানিয়েছেন সেকথা।
নিজে বিজেপি নেতা হওয়া সত্ত্বেও এখনও বাজপেয়ীকে দেখতে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির অপর কোনও শীর্ষস্থানীয় নেতা গিয়েছেন বলেও খবর নেই। কিন্তু ভিন্ন দলের নেতা হওয়া সত্ত্বেও রাহুল গিয়েছেন ।
বাজপেয়ীকে বহুদিন প্রকাশ্যে দেখা যায় না। কোনও বিষয়ে মতামতও দেন না তিনি। কিন্তু তা হলেও তিনি এখনও বিজেপির উদার মুখ বলে পরিচিত। অন্যদিকে মোদী দলে বরাবর কট্টরপন্থী বলে পরিচিত ছিলেন।
২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী মুখ্যমন্ত্রী মোদীকে রাজধর্ম পালনের কথা বলেছিলেন। ওই ভাবে তিনি মোদীকে তিরস্কার করেছিলেন বলেই পর্যবেক্ষকদের ধারণা।
তার পরে কেটে গিয়েছে অনেক দিন। মোদী এখন প্রধানমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন রাহুল। এই অবস্থায় রাহুল তড়িঘড়ি বাজপেয়ীকে দেখতে গিয়ে কোনও রাজনৈতিক বার্তা দিতে চাইছেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।