
শেষ আপডেট: 23 May 2022 17:45
দ্য ওয়াল ব্যুরো: উদ্ধারকারী বোট সহ পর্যাপ্ত ব্যবস্থা না করা পর্যন্ত রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar Lake) আর রোয়িং করা যাবে না। আজ এই নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, প্রতিযোগিতার ব্যবস্থা যে ক্লাব করবে, তাদেরকে আগেভাগে গোটা বিষয়টি সম্পর্কে জানাতে হবে। তাই অনির্দিষ্টকালের জন্য রোয়িং স্থগিত রাখা হল।
আরও পড়ুন: আইসিডিএসের মহিলা সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ শিগগিরই, জারি বিজ্ঞপ্তি
এদিন রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar Lake) ডুবে মৃত পুষণ সাধুখাঁর গড়ফার বাড়িতে এসেছিলেন ফিরহাদ হাকিম। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মৃত কিশোরের বাড়িতে যাওয়ার নির্দেশ দেন।
এদিন সেখানে এসে মেয়র মৃত কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এখানে এসেছি। এই ক্ষতি অনেক বড় ক্ষতি। এটা কেউ পূরণ করতে পারবে না। ওর বাবা খুব ভেঙে পড়েছেন। আমাকে বলছেন আমি কাকে নিয়ে বাঁচব। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন নগরপালের সঙ্গে। কোনও প্রতিযোগিতার আগে জীবন বাঁচানোর (Rabindra Sarobar Lake) মতো পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা, তা খতিয়ে দেখা বাঞ্ছনীয়। কেএমডিএ-র সঙ্গে এই মর্মে একটি বিস্তারিত আলোচনা করার নির্দেশ দিয়েছি।'
মেয়র আরও বলেন, 'আমার খুব আশ্চর্য লাগছে, কেন কোনও উদ্ধারকারী বোট ছিল না সেখানে। উদ্ধারকারী বোট থাকলে হয়ত ওদের বাঁচানো যেত। এরা কেউই প্রফেশনাল রোয়ার নয়। এরা বাচ্চা ছেলে। আর তাই আমি রোয়িং পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছি।'
শনিবার কালবৈশাখী ঝড়ের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল রবীন্দ্র সরোবরে। প্রায় সাড়ে তিন ঘণ্টা খোঁজাখুজির দুই কিশোরের দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত দুই কিশোর সাউথ পয়েন্টের ছাত্র। তাদের মধ্যে পুষণ সাধুখাঁ উল্টোডাঙ্গা ট্রাফিফ গার্ডের অতিরিক্ত ওসি পীযূষ সাধুখাঁর একমাত্র সন্তান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। প্রশ্ন তোলেন রবীন্দ্র সরোবরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাঁর নিশানায় ছিলেন পরিবেশবিদরা। কেন সরোবরে উদ্ধারকারী বোট থাকবে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি। এদিন অনির্দিষ্ট সময়ের জন্য সরোবরে রোয়িং বন্ধ করার নির্দেশ দিলেন তিনি।