শেষ আপডেট: 25 October 2023 18:39
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: জেল থেকে বসেই ছক কষেছিল পুরুলিয়ার সেনকো গোল্ড শোরুম ডাকাতির মাস্টারমাইন্ড। সেই বন্দিকেই নিজেদের হেফাজতে নিল পুরুলিয়া পুলিশ। বিহারের পাটনার বেউর জেল থেকে এই ডাকাতির ঘটনার পরিকল্পনা করেছিল রবি গুপ্তা।
পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক বৈঠক করেন। অভিজিৎবাবু জানিয়েছেন, পাটনার বেউর জেলে পুরুলিয়ার সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ছক তৈরি করা হয়েছিল। সেই ছক কষেছিল এই রবি। সে পুরুলিয়া সোনার দোকানে ডাকাতির জন্য প্রয়োজনীয় অর্থ থেকে শুরু করে বাইক সহ সমস্ত রকমের রসদের ব্যবস্থা করে দিয়েছিল। এমনকী ওই ডাকাত দলের অন্যতম প্রধান অভিযুক্ত গুড্ডুকে এই রবিই চালনা করে। ডাকাতিতে কারা কারা দলে থাকবে তাও করেছিল ঠিক করে দিয়েছিল রবি।
জেলে বসেই রাশিয়া, কাজাখস্থান, আমেরিকার ফোন কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে এই রবি। ওই গ্রুপেই সে ডাকাতির ছক তৈরি করে। কোন কোন দোকানে চুরি করা যায়, সেই ম্যাপ গুগল ম্যাপ থেকে চিহ্নিত করে দিয়েছিল।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, রবির দল দেশ ও দেশের বাইরেও ডাকাতির ঘটনা ঘটিয়েছে। একেবারে নিপুণ ভাবে তারা দল চালায়। রবি ছাড়াও এই ডাকাত দলের আরও কয়েকজন মাথা আছে। প্রযুক্তি ব্যবহার করার জন্য তাদের দলে বেশ কয়েকজন বিশেষজ্ঞও রয়েছে। তাদের নিয়ে অপরাধ জগতের বেতাজ বাদশাহ হয়ে উঠেছে রবি ও তার দল।
গত ২৯ অগস্ট ভরদুপুরে পুরুলিয়ার সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। পুরুলিয়ার নামোপাড়ার সেই শোরুমে ৭ ডাকাত চড়াও হয়। নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনা, হিরের গয়না নিয়ে চম্পট দেয়। অন্তত ৮ কোটি টাকার জিনিস লুঠ হয় বলে জানা গিয়েছে।