
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: তাঁদের 'দ্বন্দ্ব' নিয়ে বিস্তর জল্পনা। একাধিক মঞ্চে তাঁদের একসঙ্গে দেখতে না পাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। প্রশ্ন ওঠে, বীরভূমে কি শাসকদলে দু'টি গোষ্ঠী? দুই রাজনীতিকের অনুগামীদের মধ্যেও কোন্দল চলতেই থাকে। আবারও সেই টের পাওয়া গেল। কী না, কাজল শেখের (Kajal Sheikh) অনুগামীদের কার্যালয়ে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গোষ্ঠীর বিরুদ্ধে।
মঙ্গলবার সিউড়ির (Birbhum) পুরন্দপুরের তৃণমূল কার্যালয় ঘিরে বচসা দুই গোষ্ঠীর মধ্যে। যার জেরে বীরভূমে ফের অনুব্রত বনাম কাজল দ্বন্দ্ব চরমে। অভিযোগ সিউড়ি ২ নম্বর ব্লকে কাজল শেখের অনুগামীদের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় দখল করে নিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোক। যা নিয়ে স্থানীয় তৃণমূলে যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে।
বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রতের ‘দ্বন্দ্ব’ তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সুবিদিত। গত কয়েক মাসে সেই ‘দ্বৈরথ’ বার বার প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে দুই নেতা পরস্পরকে সম্মান জানান। নেতা-কর্মীদের উদ্দেশে তাঁরা বলেন, বীরভূম তৃণমূলে কোনও গোষ্ঠীকোন্দল নেই।
কিন্তু ঘটনাপরম্পরা ঠিক অন্য কথা বলে। সেই বিজয়া সম্মিলনী থেকে দুই নেতাকে একই মঞ্চে দেখা যায়নি। দলের কোনও কর্মসূচিতে তাঁরা একসঙ্গে থাকেননি। জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনেও ভিন্ন মঞ্চে ছিলেন জেলার তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি।
তবে গত কেঁদুলির মেলায় কাজল-কেষ্টকে একসঙ্গে দেখে স্থানীয় তৃণমূল নেতৃত্ব খানিকটা অস্বস্তি কাটিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে একটা সদর্থক বার্তা পেয়েছিল। কিন্তু নববর্ষের দিনই দুই গোষ্ঠীর কোন্দল ফের প্রকাশ্যে এল।