
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 October 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ট্রেন থামতেই খাবার কিনতে নেমেছিলেন। খাবারের দাম মেটাতে মেটাতেই ছেড়ে দেয় ট্রেন। দৌড়ে উঠতে গিয়ে হড়কে যায় পা, পড়ে যান লাইনে। তবে অঘটন কিছু ঘটার আগেই তৎপর আরপিএফ কর্মীরা টেনে তুলে নেন বৃদ্ধকে। কিছুটা এগিয়ে তখন থেমে গেছে ট্রেনও। বরাত জোরে প্রাণে বাঁচেন বছর ৭৫ এর গুরুদ্বীপ সিং।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে। রেলসূত্রে খবর, টাটা-আসানসোল এক্সপ্রেসে আসানসোল যাচ্ছিলেন এক বৃদ্ধ দম্পতি। শুক্রবার সন্ধে ৬টা নাগাদ ট্রেন পুরুলিয়া স্টেশনে দাঁড়ালে খাবার কেনার জন্য নামেন ৭৫ বছরের গুরুদ্বীপ সিং।
তাঁর খাবার কেনা শেষ হতে না হতেই ছেড়ে দেয় ট্রেন। কোনওমতে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন ওই বৃদ্ধ। কিন্তু পারেননি। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান তিনি। ঘটনা নজরে আসতেই ছুটে আসেন টহলরত আরপিএফরা। ওই ফাঁক থেকে কোনওমতে টেনে বের করে আনেন বৃদ্ধকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্টেশনে থাকা যাত্রীরা। সামান্য চোট লাগে ওই বৃদ্ধের। স্টেশনেই তাঁর শুশ্রূষা করা হয়।
ততক্ষণে একটু এগিয়ে দাঁড়িয়ে পড়ে টাটা-আসানসোল এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয় ওই বৃদ্ধের স্ত্রীকে। বৃদ্ধ একটু সুস্থ বোধ করার পর পরের আসানসোলগামী ট্রেনে তাঁদের তুলে দেওয়া হয়।