
শেষ আপডেট: 25 January 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় গিয়েছিলেন। তারপরেই তাঁর ঝুলন্ত দেহ মিলল নাট মন্দির থেকে। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের গাড়ির চালকরে অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে বর্ধমানে।
শুক্রবার পূর্বস্থলীর শংকর মঠ কালীবাড়ির মধ্যে থাকা নাট মন্দির থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তির নাম নীলকণ্ঠ পাল। তাঁর বাড়ি পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কলুপাড়া এলাকায়। কেন এমন ঘটনা, বুঝে উঠতে পারছেন না মৃতের পরিজনেরা।
মৃতের দাদা পরিমল পাল জানান, বৃহস্পতিবার বিধায়ককে নিয়ে বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভাতে গিয়েছিলেন নীলকণ্ঠ। ওই দিন রাতে একটি অনুষ্ঠান বাড়িতেও বিধায়ককে নিয়ে গেছিলেন তিনি। এরপরই সকালে তাঁর বাড়ি সংলগ্ন একটি কালী মন্দিরের সামনে থাকা নাট মন্দিরে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ দেহ উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।