
শেষ আপডেট: 3 May 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে কুস্তিগিরদের ধর্না নিয়ে কটাক্ষ করেছিলেন দেশের প্রাক্তন অলিম্পিয়ান তথা বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা। বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। তবে বুধবার ১৮০ ডিগ্রি ঘুরে দিল্লির যন্তরমন্তরের (Jantar Mantar) সামনে সেই ধর্নামঞ্চে গিয়ে (PT Usha meets protesting wrestlers) প্রতিবাদীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি।
দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলছিলেন দেশের একাধিক কুস্তিগির। এই নিয়ে জানুয়ারিতে একবার আন্দোলন করেছিলেন কুস্তিগিররা। তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল তদন্তের জন্য। সেই কমিটিতে অন্যতম সদস্য হিসেবে ছিলেন পিটি ঊষা। দ্বিতীয়বার ফের একই অভিযোগ নিয়েই দিল্লির যন্তরমন্তরে লাগাতার ধর্না আন্দোলন চালাচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতের মতো দেশের তারকা কুস্তিগিররা।
ইতিমধ্যে তাঁদের পাশে দাঁড়িয়েছেন দেশের একাধিক ক্রীড়াবিদ, রাজনীতিবিদ এমনকী অভিনেতারাও। বলিউড অভিনেত্রী পূজা ভাট আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পিটি ঊষার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিলেন। নিন্দকরা বলছেন, একাধিক মহল থেকে কটাক্ষবাণে জর্জরিত হয়েই জ্ঞানচক্ষু খুলে গিয়েছে পিটি ঊষার। দেশের মানুষের কাছে তাঁর ক্রমশ সম্মানহানি হচ্ছে বুঝতে পেরে রাতারাতি সাক্ষী মালিকদের সঙ্গে কথা বলে পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রাক্তন অ্যাথলিট।
কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী পূজা ভাট! পিটি ঊষার নিন্দায় সরব মহেশ-কন্যা