দ্য ওয়াল ব্যুরো: ফলাফল জানতে গেলে ওয়েবসাইটে 'ক্যান্ডিডেট নট ফাউন্ড' দেখাচ্ছে। বিভ্রান্ত পড়ুয়ারা যেকারণে ক্যাম্পাসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের পড়ুয়াদের দাবি, এই ত্রুটি কর্তৃপক্ষের। তাঁদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দ্রুত পদক্ষেপ করতে হবে।
এছাড়াও মাইগ্রেশন সার্টিফিকেট-সহ বিভিন্ন দাবির পাশাপাশি ফল অসম্পূর্ণ রাখার মতো কিছু বিষয়ের প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। বিক্ষোভ-অবস্থান এখনও চলছে।
বিভিন্ন কলেজ থেকে আসা বিক্ষোভরত পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের 'কন্ট্রোলার অফ এগজামিনেশ'নের ঘরে বিক্ষোভ দেখাচ্ছেন। এরা সবাই স্নাতক স্তরের পড়ুয়া। বিষয়ের কম্বিনেশনেও ভুল রয়েছে বলে অভিযোগ তাঁদের। পড়ুয়াদের সঙ্গে তাঁদের অভিভাবকরাও রয়েছেন।
সেইসঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের দাবি এবং অসম্পূর্ণ ফল ও ষষ্ঠ সেমেস্টারে একই দিনে দু'টি পরীক্ষা নেওয়ার প্রতিবাদও চলছে। বিষয়টিতে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার জয়িতা দত্তগুপ্তের সঙ্গে অনেক চেষ্টা সত্ত্বেও যোগাযোগ করা যায়নি।