হিংসার ছবি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও! রাতের অন্ধকারে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, জলকামানের মুখে আন্দোলনকারী ছাত্রেরা
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব বিল সংশোধন নিয়ে সারা দেশ উত্তাল প্রতিবাদ-বিক্ষোভে। রবিবারই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ-ছাত্র সংঘর্ষের খবর মিলেছে। ফের সন্ধেয় খবর এল, উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তুঙ্গে পৌঁছেছ
শেষ আপডেট: 15 December 2019 17:41
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব বিল সংশোধন নিয়ে সারা দেশ উত্তাল প্রতিবাদ-বিক্ষোভে। রবিবারই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ-ছাত্র সংঘর্ষের খবর মিলেছে। ফের সন্ধেয় খবর এল, উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তুঙ্গে পৌঁছেছে অশান্তি। বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হওয়া কয়েকশো প্রতিবাদী ছাত্রের উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। চালানো হয় জলকামান।
আলিগড়ের অধ্যাপক প্রোক্টর আফিফুল্লা খানের অভিযোগ, "বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা পুলিশের ছোড়া ইটের আঘাতে জখম হয়েছেন।" পুলিশের পাল্টা অভিযোগ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছিলেন ছাত্রেরা। বাধা দেওয়ার চেষ্টা করা হলে ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ কাঁদানে গ্যাসও ছুড়তে হয়।
দেখুন ভিডিও।
https://twitter.com/ANINewsUP/status/1206242810804023296
রবিবার সকালেই দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভের মুখে বাধা দিতে গেলে প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। সেখানেও লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করা হয় ছাত্রদের। শেষমেশ কলেজের ভিতরে ঢুকে কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। বিনা অনুমতিতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে ছাত্রদের মারধর করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রবিবার সন্ধেয় এই তাণ্ডবই যেন ফের ঘটল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।
এই পরিস্থিতিতে জামিয়া মিলিয়ার মতোই আলিগড় বিশ্ববিদ্যালয়ও ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আলিগড়ের রেজিস্ট্রার আবদুল হামিদ বলেন, "আজ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হল। তিন দিন ধরে যে বিক্ষোভ চলছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। ৫ তারিখ পর্যন্ত কোনও ক্লাস বা পরীক্ষা হবে না।"
শনিবারই একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছিল, আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক, অশিক্ষক কর্মচারী সকলে মিলে এক দীর্ঘ মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছেন ক্যাবের বিরুদ্ধে। প্রায় পাঁচ হাজার প্রতিবাদীর এই মানববন্ধন দেখে কুর্নিশ জানিয়েছিল নেট দুনিয়া। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরিস্থিতি বদলে গেল সম্পূর্ণ। সহিংস বিক্ষোভের আঁচে জ্বলে উঠল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।