দ্য ওয়াল ব্যুরো : লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু মানুষ। তাঁদের অনেকের বাড়িতে আছে পোষা কুকুর, পাখি ও অন্যান্য জন্তু। পোষ্যগুলিকে তাদের মালিকের কাছে পৌঁছে দিতে দিল্লি থেকে উড়তে চলেছে চার্টার্ড ফ্লাইট। সব মিলিয়ে ছ’টি পোষ্যকে সেই বিমান পৌঁছে দেবে মুম্বই থেকে দিল্লিতে।
পশুপাখিদের চার্টার্ড ফ্লাইটে মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন উদ্যোগপতি ও সাইবার সিকিউরিটি গবেষক দীপিকা সিং। ২৫ বছর বয়সী দীপিকা জানান, তিনি কয়েকদিন আগে তাঁর আত্মীয়দের দিল্লি থেকে মুম্বইতে উড়িয়ে আনার ব্যবস্থা করেছিলেন। তখনই লক্ষ করেন, অনেকে পোষা জন্তু নিয়ে বিমানে উঠতে চাইছেন। কিন্তু বাকি যাত্রীরা তাতে রাজি হচ্ছেন না। এরপর পোষ্যদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার আইডিয়া তাঁর মাথায় আসে।
তাঁর কথায়, “আমি দেখলাম কয়েকজন তাঁদের পোষ্যদের নিয়ে প্লেনে উঠতে চাইছেন। তাতে আপত্তি করছেন বাকিরা। আমি ভাবলাম, পোষ্যদের জন্য আলাদা বিমানের ব্যবস্থা করলে কেমন হয়।”
পোষ্যদের জন্য দীপিকা একটি সিক্স সিটার প্লেনের ব্যবস্থা করেছেন। তার এক একটি টিকিটের দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা। দীপিকা বলেন, আমি একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা পোষ্যগুলিকে প্লেনে মুম্বই পাঠাতে রাজি হয়েছে। এখনও পর্যন্ত চারজন তাঁদের পোষ্যদের জন্য সিট বুক করেছেন। এখনও দু’টি সিট খালি আছে। যে পোষ্যগুলির জন্য সিট বুক করা হয়েছে, তাদের মধ্যে আছে দু’টি শি জুস কুকুর, একটি গোল্ডেন রিট্রিভার কুকুর ও একটি পাখি।
যে সংস্থাটি চার্টার্ড বিমান ভাড়া দিচ্ছে সেই অ্যাক্রিশান এভিয়েশনের মালিক রাহুল মুচ্চাল বলেন, পোষ্যগুলিকে নিয়ে যাওয়ার সময়ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হবে। প্লেনে তোলার আগে দেখা হবে পশুপাখিগুলির দেহের তাপমাত্রা কত। খাঁচার মধ্যে পুরে তাদের প্লেনের ভেতরে রাখা হবে।