
সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল
শেষ আপডেট: 28 September 2024 13:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে একদিকে যখন জুনিয়র ডাক্তাররা ক্রমাগত আন্দোলন করছেন সেই সময়ই কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের 'আরজি কর করে দেওয়ার' হুমকি দেওয়া হয়েছে। সেই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। এরপরই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বসেছেন সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন হাসপাতালের অধ্যক্ষ। যদিও তিনি কাজে ফেরার বার্তাও দিয়েছেন তাঁদের।
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে মারধর করা হয় সাগর দত্তের কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন নার্স, চিকিৎসক-সহ আরও ৬ জন। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে বসেছেন। হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা সত্যিই নিন্দনীয়। তাঁদের সুরক্ষার ব্যাপারটি অবশ্যই নিশ্চিত করা উচিত। তবে কাজ বন্ধ রেখে কোনও সমস্যার সমাধান হয় না। তাই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছেন তিনি।
অধ্যক্ষের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে তাঁর এবং হাসপাতালের সুপারের কথা হয়েছে। জুনিয়র ডাক্তাররাও জানান, তাঁরা সুরক্ষার ইস্যুতে মৌখিক আশ্বাস পেয়েছেন। কিন্তু তাঁরা শুধুমাত্র এতেই সন্তুষ্ট নন। তাই আপাতত কর্মবিরতি উঠছে না বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
হাসপাতালের অধ্যক্ষকে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। অনেকে ভেবেছিলেন তিনিও আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু পরে অধ্যক্ষ নিয়ে জানিয়েছেন, এমন কোনও বিষয় নয়। তিনি শুধুমাত্র আলোচনার জন্য ডাক্তারদের কাছে গেছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে এক রোগীর মৃত্যু হলে আচমকা ২০-২৫ জন একসঙ্গে হাসপাতালে ঢুকে হামলা চালায়। মারধর করা হয় মহিলা চিকিৎসক সহ বাকিদের। পাশাপাশি যথেচ্ছ ভাঙচুরও চালানো হয়েছে হাসপাতালে। গোটা ঘটনায় মোট ৬ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। এরপরই নিরাপত্তার প্রশ্নে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সরব হন সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা।