দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রার্থীপদের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নরেন্দ্র মোদী পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আকালি দলের বর্ষীয়ান নেতা প্রকাশ সিং বাদলকে। প্রধানমন্ত্রীর এমন বিনীত শ্রদ্ধাজ্ঞাপনে ঝড় উঠে গেল ট্যুইটারে। বিজেপি'র নেতা থেকে সমর্থক সকলেই আপ্লুত তাঁদের নেতার এমন বিনম্র আচরণে।
নরেন্দ্র মোদী আজ নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীর প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা করবেন সেটা আগে থেকেই ঘোষিত ছিল। সেই উপলক্ষে বারাণসীতে হাজির হয়েছিলেন এনডিএ জোটের প্রায় সব নেতা। এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, শিবসেনা'র উদ্ধব ঠাকরে, এআইডিএমকে'র ও পন্নিরসেলভাম। উদ্দেশ্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো। সেই একই উদ্দেশে এসেছিলেন আকালি দল তথা পঞ্জাবের নবতিপর নেতা প্রকাশ সিং বাদল। রাজনাথ সিং, অমিত শাহ সহ বিজেপি'র অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার আগে সকলকে অবাক করে দিয়ে প্রকাশ সিং বাদলের সামনে দাঁড়িয়ে সামনে ঝুঁকে পড়েন নরেন্দ্র মোদী। ৯৩ বছরের বর্ষীয়ান নেতার পা ছুঁয়ে আর্শীবাদ প্রার্থনা করতে চান। এমন বিরল দৃশ্য সঙ্গে সঙ্গে ফ্রেম বন্দি হয়ে যায় সংবাদসংস্থার ক্যামেরার লেন্সে এবং তোলপার শুরু হয় ট্যুইটারে।
https://twitter.com/AmithHegde1/status/1121668802255540225
এক বিজেপি নেতা অমিত রক্ষিত মন্তব্য করেন, এটি বছরের সেরা ছবি। প্রধানমন্ত্রী অবশ্য শুধু আকালি নেতারই পা ছুঁয়ে আশীর্বাদ চাননি, মহিলা কলেজের অধ্যক্ষা ৯২ বছরের অন্নপূর্ণা শুক্লা'রও পা ছুঁয়ে প্রণাম করেন। অন্নপূর্ণা দেবী মনোনয়ন পত্রে নরেন্দ্র মোদীর একজন প্রস্তাবক। নির্বাচনের মধ্যে দলীয় নেতাদের যে কোনও ইতিবাচক আচরণই ব্যবহৃত হয় প্রতিপক্ষ নেতা বা নেতৃর আচরণকে সমালোচনা করার জন্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। রাহুল গান্ধী একই পরিস্থিতিতে ঠিক বিপরীত আচরণ করেছেন বলেও জানিয়েছেন বেশ কিছু মোদীভক্ত।
বৃহস্পতিবারের সফল রোড শো–এর পর নরেন্দ্র মোদী গঙ্গা আরতি করে দিন শেষ করেছিলেন। আজ সকালেই উপস্থিত কয়েক হাজার বিজেপি কর্মীর সামনে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কিত ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী 'কাল ভৈরব' মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা করতে যান।