
পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র
শেষ আপডেট: 6 January 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল। পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার সময় বিচারকের সঙ্গে কথা কাটাকাটি হয় মানিক ভট্টাচার্যের। রীতিমতো ধমক দিয়ে তখন বিচারক বলেন, 'চুপ করে বসুন, না হলে এজলাস থেকে বের করে দেব'।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপাল প্রয়োজনীয় অনুমোদন বা কনসেন্ট দেওয়ার পরে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট শনিবার ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ সিবিআই আদালতে জমা দেন তদন্তকারীরা।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করে ইডি। গত ১ অক্টোবর ওই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 'শোন অ্যারেস্ট' করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন এতদিন পর তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁর আইনজীবীরা।
যদিও গত ২৭ ডিসেম্বর এই মামলায় পার্থ এবং অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করে সিবিআই।
পার্থর বিরুদ্ধে চার্জশিট জমা পড়লেও রাজ্যপালের কনসেন্ট বা অনুমোদন না থাকায় তা নিম্ন আদালতে গ্রাহ্য হচ্ছিল না। শনিবার সিবিআই আদালতে জানায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রয়োজনীয় কনসেন্ট দিয়েছেন। এরপরই চার্জশিট ও সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট গ্রহণ করে আদালত।
এই মামলায় গত বছরের ১২ জানুয়ারি অভিযুক্ত পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করেছিল সিবিআই। এজেন্সি সূত্রের খবর, প্রাথমিকের চার্জশিটে দাবি করা হয়েছে, পার্থ-সহ অভিযুক্তরা এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন!