এখন নজর হাইকোর্টের রায়ের দিকে। বিচারাধীন মামলার নিষ্পত্তির আগে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে কি না, তা জানাবে আদালত।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 October 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: টেট-এ (TET) ভুল প্রশ্নের অভিযোগ এখনও মীমাংসিত নয়। তার মধ্যেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে (Primary Recruitment) নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। আর তাতেই ফের চাপে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ওই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি ওম নারায়ণ রাই মামলা গ্রহণ করে শুনানির অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই হতে পারে মামলার শুনানি।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার কথা আগামী সপ্তাহ থেকেই। কিন্তু এই নিয়োগ ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষায় অনুত্তীর্ণদের একাংশের মধ্যে। তাঁদের দাবি, ওই দুই টেট-এ প্রায় ২০টি প্রশ্ন ছিল ভুল। যদি সেই ভুল প্রশ্নগুলির নম্বর দেওয়া হয়, তবে অনেকে উত্তীর্ণ হতেন। সেই বিষয়ে মামলা ইতিমধ্যেই বিচারাধীন হাইকোর্টে।
এই পরিস্থিতিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে ‘অন্যায়’ বলে অভিযোগ তুলেছেন মামলাকারীরা। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “ভুল প্রশ্নের নম্বর পেলে অনেক পরীক্ষার্থী পাশ করে যেতেন। অথচ সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এতে হাজার হাজার পরীক্ষার্থী আবেদন করতেই পারবেন না।”
হাইকোর্ট ইতিমধ্যেই ‘ভুল প্রশ্ন’ সংক্রান্ত মামলায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সেই কমিটি যাচাই করছে অভিযোগের সত্যতা। সেই তদন্ত এবং মামলার চূড়ান্ত রায় আসার আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে, বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী শামিম।
এখন নজর হাইকোর্টের রায়ের দিকে। বিচারাধীন মামলার নিষ্পত্তির আগে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে কি না, তা জানাবে আদালত।