
শেষ আপডেট: 25 March 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়তে বিজেপি যে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করবে, তা মোটের উপর স্পষ্টই হয়ে গিয়েছিল। রবিবার রাতে বিজেপির প্রার্থী তালিকা সেই অনুমানেই সিলমোহর দিল। সন্দেশখালি কাণ্ডে নির্যাতিত মহিলাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ভূমিকন্যা রেখা পাত্রকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই সন্দেশখালিতেই রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার পড়ল। ঘটনাটিতে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সটান অভিযোগ অস্বীকার করেছে ঘাস ফুল শিবির।
রবিবার রাজ্যের ১৯টি আসনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে রেখার। তণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যাঁরা প্রকাশ্যে সরব হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম এই রেখা পাত্র। সন্দেশখালি নিয়ে টানাপড়েনের মাঝে প্রতিবাদী এই মহিলাকে প্রার্থী করা যে বিজেপির মাস্টারস্ট্রোক, তা বলাই বাহুল্য।কিন্তু সোমবার সকাল থেকেই সন্দেশখালির পাত্রপাড়া এবং ত্রিমোহিনী সহ বিভিন্ন এলাকায় রেখার নামে পোস্টার ছড়িয়ে পড়েছে।
পোস্টারগুলির কোনওটায় লেখা রয়েছে, ‘‘সন্দেশখালির আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না।’’ আবার আরেকটিতে লেখা, “বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না।”
শুধু তাই নয়, দোলের দিনে বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল হন সন্দেশখালির মহিলারা। রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার হাতে আন্দোলন করতে থাকেন তাঁরা।মহিলাদের দাবি, বিজেপির পক্ষ থেকে সন্দেশখালির পাত্রপারার গৃহবধূ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু এই রেখা পাত্র প্রার্থী হলে কোনও ভাবেই বসিরহাট কেন্দ্রে বিজেপির জেতা সম্ভব হবে না। তাই রেখাকে প্রার্থী হিসেবে চান না তাঁরা। বিক্ষোভে সামিল এক মহিলা বলেন, " প্রার্থী হিসেবে আমরা ভালো কোন রাজনৈতিক ব্যক্তিকে দেখতে চাই। রেখা পাত্রকে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতেই আমাদের বিক্ষোভ।"
স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, এমন কাজ দলের তরফে করা হয়নি। বরং তৃণমূলই বিজেপির প্রার্থীকে মেনে নিতে না পেরে এই ‘অপপ্রচার’করছে। স্পষ্ট অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এপ্রসঙ্গে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘সন্দেশখালিতে বিজেপি কাদের দিয়ে আন্দোলন করিয়েছিল তা সকলেরই জানা। এখন তাঁদের মধ্যে থেকে প্রার্থী করেছে। তাই বিজেপির পুরনো কর্মীরা ক্ষোভ থেকে রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার দিয়েছেন।’’
প্রসঙ্গত, গত মার্চ মাসের গোড়ায় বারাসতে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ে মোদীর সঙ্গে রেখা পাত্র সহ সন্দেশখালির বেশ কয়েকজন মহিলা সাক্ষাৎ করেন। মহিলাদের দীর্ঘদিনের অভিযোগের কথা শোনেন মোদী। কিন্তু নির্যাতিতাদের মধ্যে থেকেই যে একজনকে প্রার্থী করা হবে তা বিজেপির অনেক তাবড় নেতাও টের পাননি। এদিন বসিরহাটের প্রার্থী হওয়ার পর রেখা জানিয়েছিলেন, ''প্রথমেই নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করেছেন। আমি সর্বদাই মা-বোনেদের পাশে থাকব। আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব।''