
ফাইল ছবি।
শেষ আপডেট: 6 March 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ এর বিধানসভা নির্বাচনের গণনার দিন কলকাতায় খুন হয়েছিলেন অভিজিৎ সরকার। ওই মামলায় জামিনে মুক্ত দুই অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।
এর আগে এই মামলায় নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন দুই অভিযুক্ত তৃণমূল কর্মী সঞ্জয় সামন্ত ,সমীর সামন্ত। এদিন সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
বস্তুত, একুশের বিধানসভা ভোটের পর রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বতপ্রণোদিতভাবে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।
আদালত সূত্রের খবর, গত বছরের ২১ অগস্ট জামিন পেয়েছিলেন দুই অভিযুক্ত। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিজিতের পরিবার হাইকোর্টে আবেদন জানিয়েছিল। এদিনের শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ এর খুনের মামলা থাকা সত্ত্বেও নিম্ন আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে। এরপরই নিম্ন আদালতের ওই নির্দেশ খারিজ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।