
কলকাতা হাইকোর্ট।
শেষ আপডেট: 21 June 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই জেলায় জেলায় হিংসার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির, শাসকদল তৃণমূলের দিকে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও পুলিশ তাঁদের যথাযথভাবে ব্যবহার করছে না। ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়েছে কলকাতারও।
ওই মামলাতেই এবার পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যে ঘরছাড়়াদের বাড়ি ফেরানোর নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ঘরছাড়াদের মধ্যে কতজনকে বাড়ি ফেরানো সম্ভব হল, আগামী বুধবার পুলিশকে সেই রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
৪ জুন ভোটের ফলাফল প্রকাশ হতেই কলকাতার বেলেঘাটা, নারকেলবাগান থানা এলাকায় হিংসার অভিযোগ ওঠে। তখন থেকেই ঘরছাড়া এলাকার ২০০জন বিজেপি কর্মী।
এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। এলাকার প্রায় ২০০ জন ঘরছাড়া হয়েছেন বলে আদালতে জানান তিনি। যদিও রাজ্যের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাই শুধু নয়, প্রচারের আলোয় থাকার জন্যই এই মামলা।
ওই মামলায় এদিন পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, "গণতান্ত্রিক অধিকারের জন্য নির্বাচন হয়। নির্বাচনের আগে ও পরে হিংসা কাম্য নয়। অভিযোগ, প্রতিবাদ থাকবেই। শাসক দলকে পরিস্থিতি সামলানোর অবস্থা তৈরি করতে হয়।" এরপরই পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন বিচারপতি।