দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের খেলার পুতুল। অথচ সেই পুতুলই হয়ে ওঠে হিংস্র। মানুষকে মারধোর, এমনকি খুনও কম নয় তার কাছে।
হলিউডের হরর ফিল্মে এমন গল্পের অভাব নেই।
কিন্তু যদি সত্যিই থাকে এমন পুতুল? পেরুর তরুণী বার্লিজের তাই দাবি। হিংসুটে পুতুল ডেইজির আক্রমণেই নাকি ভেঙে গিয়েছে প্রেমিকার সঙ্গে তাঁর সম্পর্ক
পেরুর তরুণী বার্লিজ় জানিয়েছেন, ডেইজ়ি নামের ওই পুতুলটি অনেক ছোটবেলায় তাঁকে তাঁর মা উপহার দিয়েছিলেন। পরে মা মারা যান। কিন্তু পুতুলটি যে কোনও কারণেই হোক, বার্লিজ়ের সঙ্গে তাঁর প্রেমিকের সম্পর্ক সহ্য করতে পারত না। সেই কারণে, তাঁর প্রেমিককে ভয় দেখাত পুতুলটি। আক্রমণও করত। ঘুমের মধ্যে মারত, আঁকড়ে ধরত।
বার্লিজ়ের দাবি, পুতুলটি সাধারণ সময়ে মাঝেমাঝেই নাকি নড়ে উঠত। ঘরের জিনিসপত্রও ফেলে দিত। এবং সুযোগ পেলেই বার্লিজ়ের প্রেমিককে আক্রমণ করত। তাঁর গায়ে রীতিমতো কালসিটে পড়ে যেত বলে দাবি বার্লিজ়ের। এবং এই ঘটনার জেরেই তাঁদের প্রেম ভেঙে যায় বলে অভিযোগ বার্লিজ়ের।
বার্লিজ় জানিয়েছেন, পুতুলটির থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু উপায় পাননি। পুতুলটিকে প্লাস্টিকে মুড়ে দেওয়ালের দিকে মুখ করে রেখে দিয়েছিলেন। সেটি নিজে নিজেই সামনে ঘুরে যায় বলে দাবি বার্লিজ়ের।