মোড়গ্রামে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় যানজট এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বে ছিলেন ওসি রাজকুমার কর্মকার।

মৃত ট্রাফিক কর্মী
শেষ আপডেট: 11 July 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গিপুর পুলিশ জেলায় (Jangipur Police) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Accident)। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন ট্রাফিক ওসি (Traffic OC) রাজকুমার কর্মকার। সাগরদিঘি থানার মোড়গ্রাম এলাকায় জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোড়গ্রামে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় যানজট এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বে ছিলেন ওসি রাজকুমার কর্মকার। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসে একটি ডাম্পার। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। সেখানেই দাঁড়িয়েছিলেন রাজকুমার। ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। চালককে জিজ্ঞাসাবাদ চলছে। মৃত পুলিশ অফিসারের সহকর্মীরা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো রাজকুমার কর্মকারের মৃত্যুতে তাঁরা গভীর শোকপ্রকাশ করেছেন। সরকারি মর্যাদায় তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ১২ নম্বর জাতীয় সড়কে প্রায়ই লরি, ট্রাক ও ডাম্পারের বেপরোয়া চলাচল দেখা যায়। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এই ঘটনার পরে আবারও জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।