তবে ভিডিওটি কোথায় এবং কবে রেকর্ড হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি।

ছবি - ভাইরাল ভিডিও থেকে সংগৃহিত
শেষ আপডেট: 11 July 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজ-কাণ্ডের রেশ কাটেনি তার মধ্যেই আরও এক তৃণমূল ছাত্রনেতাকে (TMCP Leader) ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video), যেখানে দেখা যাচ্ছে কামারহাটির তৃণমূল ছাত্রনেতা রানা বিশ্বাস বেলি ড্যান্সারের সঙ্গে নাচছেন। শুধু তাই নয়, হাতে রয়েছে একটি গ্লাস, যা দেখে অনেকেই বলছেন সেটিতে মদ রয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্বল্প পোশাকে থাকা এক মহিলা বেলি ড্যান্স করছেন। তার পাশে রানা বিশ্বাস মাথার উপর গ্লাস নিয়ে নেচে চলেছেন। এই দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা।
বিজেপি (BJP) সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে নেমেছে। বিজেপি নেতারা বলছেন, ‘‘রাজ্যে যা চলছে তা অত্যন্ত লজ্জার। সব জায়গাকে ক্লাব কিংবা বার বানিয়ে দিয়েছে শাসকদল। ছাত্রনেতাদের আচরণে রাশ টানার কেউ নেই।’’
এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানা বিশ্বাস অবশ্য দাবি করেছেন, ‘‘ওটা যে মদের গ্লাস, তার কোনও প্রমাণ নেই। ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন আছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।’’
তবে ভিডিওটি কোথায় এবং কবে রেকর্ড হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি।
রাজনৈতিক মহলের প্রশ্ন, ছাত্র সংগঠনের নামে যদি এই ধরনের কর্মকাণ্ড চলে, তাহলে সাধারণ পড়ুয়াদের উপর তার কী প্রভাব পড়ছে? সরকার ও শাসকদল এবার কী পদক্ষেপ নেয়, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।