
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 4 April 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ এপ্রিল রবিবার রাম নবমী (Ram Navami 2025)। ইতিমধ্যে রাম নবমীকে কেন্দ্র করে গত ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য (West Bengal Police)। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগেই।
এবার এডিজির (আইন ও শৃঙ্খলা) তরফে রাম নবমীকে কেন্দ্র করে ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকা প্রকাশ করা হল। ভবানীভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া শহর ও গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
পুলিশের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ এপ্রিল, টানা তিনদিন হাওড়া সদরের দায়িত্বে থাকবেন মোট ৬ জন অফিসার। এদের মধ্যে থাকবে আইজি পদ মর্যাদার একজন অফিসার, তিনজন ডিআইজি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার।
একইভাবে ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের নজরদারিতে থাকবেন বিশেষ পদ মর্যাদার অফিসাররা।
প্রসঙ্গত, অতীতে রাম নবমীর দিন রাজ্যের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। মূলত, সেই এলাকাগুলিতেই এবারে বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করেছে নবান্ন। এর আগে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের ছুটিও বাতিল করেছে রাজ্য।
কেন? পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে রাম নবমীকে কেন্দ্র করে এবারে বাড়তি কর্মসূচি নিয়েছে পদ্মশিবির। এমন পরিস্থিতিতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কাও করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সে কারণেই পুলিশের বাড়তি নজরদারির ব্যবস্থা বলেই মত সংশ্লিষ্ট মহলের।