কয়েক দিন আগেই জেলে গিয়ে টিআই প্যারেডে অংশ নিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। শনাক্ত করেছিলেন গ্রেফতার হওয়া পাঁচ জনকে, যাঁদের মধ্যে এক জনকে ‘মূল অভিযুক্ত’ বলেও চিহ্নিত করেছিলেন তিনি।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 30 October 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কুড়ি দিনেই তদন্ত শেষ করে চার্জশিট পেশ করল পুলিশ (Police chargesheet)। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের (Durgapur gang-rape case) ঘটনায় বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিল আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
আইনজীবী সূত্রে খবর, চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে ছয় জনকে। তাঁদের মধ্যে নির্যাতিতার সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বাকি পাঁচ জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং দু’জনের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে।
ঘটনা ১০ অক্টোবর রাতের। অভিযোগ, সেদিন রাত আটটা নাগাদ বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রী সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজের বাইরে বেরিয়ে গেলে, ক্যাম্পাস লাগোয়া এলাকায় তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত সহপাঠী এবং পাশের গ্রামের পাঁচ যুবককে।
আদালত সূত্রে খবর, এই মামলায় দ্রুত বিচার প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “দ্রুত গতিতে তদন্ত চালিয়ে আমরা চার্জশিট গঠন করেছি। আজ আদালতে তা জমা দেওয়া হয়েছে। এটা পুলিশ কমিশনারেটের বড় সাফল্য। আমরা আশা করছি, দু’মাসের মধ্যেই ট্রায়াল শুরু হবে।”
পাঁচ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার ফের ধৃতদের আদালতে তোলা হবে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই জেলে গিয়ে টিআই প্যারেডে অংশ নিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। শনাক্ত করেছিলেন গ্রেফতার হওয়া পাঁচ জনকে, যাঁদের মধ্যে এক জনকে ‘মূল অভিযুক্ত’ বলেও চিহ্নিত করেছিলেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত নির্যাতিতা ওড়িশার বাড়িতে রয়েছেন, তবে বিচার প্রক্রিয়ার প্রয়োজনে তাঁকে আবার ডাকা হতে পারে।