
শেষ আপডেট: 29 December 2022 10:59
দ্য ওয়াল ব্যুরো: বিহারের বুদ্ধ গয়ায় দলাই লামার (Dalai Lama) ওপর গুপ্তচরবৃত্তির (Spy) অভিযোগ উঠল। এমনকী এই ঘটনার পিছনে চিনা যোগ রয়েছে বলে দাবি পুলিশের। এই মর্মে একটি চিনা মহিলা গুপ্তচরের স্কেচ প্রকাশ করল তদন্তকারী দল।
প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে বুদ্ধ গয়ায় রয়েছেন দলাই লামা। আর তখন থেকেই এক চিনা মহিলাকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে বলে, পুলিশ সূত্রে খবর। কিন্তু হঠাৎ করে সেই মহিলাকে আর পাওয়া যাচ্ছে না (Police search for Chinese woman)। তাতেই আরও সন্দেহ গাঢ় হয়েছে পুলিশের। সূত্রের খরব, এই মহিলা চিনের বাসিন্দা।
অভিযুক্ত মহিলা কেন বুদ্ধ গয়ায় এসেছিলেন, কেনইবা হঠাৎ গা ঢাকা দিলেন, কোথায় গেলেন--- কিছুই জানা যায়নি। পুলিশ ওই মহিলার ছবি সর্বত্র ছড়িয়ে দিয়ে খোঁজ চালাচ্ছে তাঁর।
উল্লেখ্য, ডিসেম্বরের গোড়াতেই চিনা আগ্রাসন রুখে দিয়েছিল ভারতীয় ফৌজ। অরুণাচল সীমান্তে লাল ফৌজদের অনুপ্রবেশের চেষ্টা আটকানোর পর থেকেই দু'দেশের মধ্যে চাপানউতোর চলছে। তার মধ্যেই চিনা চর নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রের খরব, সং জিয়াওলান নামে ওই মহিলা বিগত বছর দুই গয়াতেই থাকছিলেন। এই মহিলার সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করতেই বেশকিছু তথ্য হাতে এসেছে, যা অত্যন্ত সন্দেহজনক। পাশাপাশি, দলাই লামা আসার পরেই ওই মহিলার আচমকা উধাও হয়ে যাওয়ার খবর ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের। ফলে দলাই লামার কর্মসূচিতে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।