এই অনুষ্ঠানেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা ঝন্টু বোসকে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে খোয়ানো ১২ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেয় জেলা পুলিশ।

টাকা ফেরত দিল পুলিশ
শেষ আপডেট: 31 July 2025 20:54
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে হামলা (Pahalgam Attack) করা জঙ্গিরা আপনার ফোন নম্বর ব্যবহার করছে। পুলিশের নাম করে ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) করে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করছিল সাইবার প্রতারকেরা (Cyber Crime)। গায়েব করেছিল ১২ লক্ষ টাকা। তদন্তে নেমে ওই টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দিল পুলিশ (Police)।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ওই টাকা ফিরিয়ে দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে চাকরিতে পদোন্নতি এবং অবসর নেওয়া সদস্যদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি তিনটি সাইবার প্রতারণার মামলার শিকার হওয়া ব্যক্তিদের খোয়া যাওয়া টাকা ফেরানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, অতিরিক্ত পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং পরিবারের সদস্যরা।
এই অনুষ্ঠানেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা ঝন্টু বোসকে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে খোয়ানো ১২ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেয় জেলা পুলিশ।
পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, "আমরা সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক প্রচার করার সময় বার বার উল্লেখ করি বিভিন্ন অছিলায় প্রতারকেরা ফাঁদে ফেলে সাধারণ মানুষকে। এই ব্যক্তিকে ফোন করে বলা হয়েছিল আপনার মোবাইল ফোনটি জঙ্গিরা ব্যবহার করেছে। এই ভয় দেখিয়েই ওঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল।
প্রতারিত ঝন্টু বোস এই প্রসঙ্গে বলেন, "বুঝতে পারিনি বলেই এদের ফাঁদে পা দিয়েছিলাম। আজ পুলিশের পক্ষ থেকে আমার টাকা ফেরত দেওয়া হল। আমি ওঁদের প্রতি কৃতজ্ঞ।