বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত মধুচক্র চালানোর খবর পায় পুলিশ।
.jpeg.webp)
শেষ আপডেট: 1 February 2026 16:56
দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটি মা সারদার জন্মভূমি। সেই জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল সাতজনকে। সিল করে দেওয়া হয়েছে ওই হোটেলগুলি।
বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার রাতভর বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় জানান, একের পর এক হোটেলে হানা দিয়ে হাতেনাতে মধুচক্র চালানোর প্রমাণ মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় পুলিশ। হোটেলগুলি থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ৬ জনকে।
বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সারাবছর পুণ্যার্থীদের যাতায়াত লেগে থাকে। সম্প্রতি ব্যাঙের ছাতার মতো এখানে গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত মধুচক্র চালানোর খবর পায় পুলিশ। তারপরেই বাঁকুড়া জেলা পুলিশ তিনটি দলে ভাগ হয়ে হানা দেয় ওই বেসরকারি হোটেলগুলিতে। রবিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও জানানো হয়েছে।
এসডিপিও বলেন, "আমরা জেলার সাধারণ মানুষের কাছে আবেদন করছি, এমন অসামাজিক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। শুধু জয়রামবাটি নয়, বাঁকুড়ার কোথাও আমরা এই ধরনের কাজ বরদাস্ত করব না।"