আজ সোমবার এসএসসি অভিযানের কথা, এদিনই বোমা মেরে গন্ডগোল পাকানোর ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ আনে পুলিশ। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে ক্লিপটি প্রকাশ করেন।

চাকরিহারাদের সঙ্গে আন্দোলনে শিক্ষক সুমন বিশ্বাস (মাঝে)
শেষ আপডেট: 18 August 2025 10:01
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি অভিযানের আগেই বড়সড় তল্লাশি অভিযান চালাল পুলিশ। সোমবার ভোরে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে চুঁচুড়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে হানা দেয়। অভিযোগ, খাটের তলা থেকে আলমারি, সবেতেই চলে তল্লাশি। তবে সুমনকে বাড়িতে না পেয়ে পুলিশকে খালি হাতে ফিরতে হচ্ছিল। পরে হুগলির আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করা হয়।
আজ সোমবার এসএসসি অভিযানের কথা, এদিনই বোমা মেরে গন্ডগোল পাকানোর ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ আনে পুলিশ। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে ক্লিপটি প্রকাশ করেন। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হলেও, পুলিশের দাবি,অভিযানের আগে পরিস্থিতি অশান্ত করার ছক কষা হচ্ছিল।
এই অডিও ক্লিপের ভিত্তিতেই চাকরিহারা সুমনকে খুঁজতে শুরু করে পুলিশ।
সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, 'সকালবেলা পুলিশ দরজা খুলতেই হঠাৎ ঘরে ঢুকে পড়ে। খাটের নীচে, আলমারিতে খুঁজেছে। বাড়িতে অসুস্থ মা-বাবা, স্ত্রী-সন্তান রয়েছে। যেন চোর ধরতে এসেছে। অথচ দাদা শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গিয়েছে, তারাই তো লড়াই করছে।'
বেথুয়াডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহশিক্ষক সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক।
অডিও প্রকাশ্যে আসার পর তিনি দাবি করেছিলেন, ওই অডিও তাঁদের নয়। কার তা খুঁজে বার করা উচিত। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে।
শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল।