
শেষ আপডেট: 6 April 2023 04:45
দ্য ওয়াল ব্যুরো: হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ছে দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরী (Jahangirpuri) এলাকা। গতবছর এই হনুমান জয়ন্তীর দিনেই অশান্তির সৃষ্টি হয়েছিল সেখানে। এবার যাতে সেখানে সাম্প্রদায়িক হিংসা যাতে না ছড়ায়, সেইজন্য আগেভাগেই ব্যবস্থা নিল দিল্লি পুলিশ (Police)। ইতিমধ্যে পরিস্থিতি যাতে শান্ত থাকে, সেইজন্য আয়োজকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতবছর হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে জাহাঙ্গীরপুরীতে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। তাই এবছর আয়োজকরা শোভাযাত্রা বের করার অনুমতি চেয়ে আবেদন করতেই বেশ কিছু নিয়ম জারি করা হয়। প্রথমত, শোভাযাত্রার রুট নিয়ন্ত্রিত করা হয়েছে। এবং পুরো শোভাযাত্রার সময়েই কড়া পুলিশি প্রহরা থাকবে। এই বিষয়ে পুলিশের বিশেষ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক হনুমান জয়ন্তীর শোভাযাত্রা নিরাপদেই অনুষ্ঠিত হওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্রের খবর, গত মঙ্গলবার জাহাঙ্গীরপুরী এলাকায় পুলিশ রুট মার্চ করে। আজ, বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হবে হনুমান জয়ন্তী। তার দু'দিন আগে থেকেই নিরাপত্তা সুনিশ্চিত করতে উঠে-পড়ে লেগেছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার সমস্ত রাজ্যকে হনুমান জয়ন্তীর সময় আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
হনুমান জয়ন্তীতে শিবপুর-রিষড়ায় মিছিল নয়, রুটমার্চ করবে পুলিশ