
অর্জুন সিং।
শেষ আপডেট: 5 April 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ার বোমা-গুলি কাণ্ডে (Bhatpara Incident) বিজেপি (BJP) নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থও হয়েছিলেন বিজেপি নেতা।
তারই মধ্যে ভাটপাড়ার তণমূল নেতাকে ফের নোটিস পাঠাল জগদ্দল থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার দুপুরের মধ্যে অর্জুনকে নথি-সহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এর আগে মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ জমা দিতে বলা হয়েছিল। অর্জুন অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, থানায় তিনি যাবেন না।
বিজেপি নেতার কথায়, "পুলিশকে দিয়ে তৃণমূল আমাকে মারতে চাইছে। আদালত বললে, তবেই রিভলভার জমা দেব।" অর্জুনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, "অর্জুনকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। ওর কোনও ক্ষতি হলে আমরা রাজ্য সরকারকে ছেড়ে কথা বলব না।"
সম্প্রতি ভাটপাড়ায় গুলিকাণ্ডে একজন আহত হন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন। অভিযোগ ছিল, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাঁকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তাঁরা পরিস্থিতি সামাল দেন। অর্জুন সিংয়ের পাল্টা দাবি ছিল, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে।
এই ঘটনার তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। তারপর একাধিকবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু কোনও তলবে তিনি সাড়া দেননি। উল্টে তাঁকে মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলের মধ্যে মেরে ফেলা হতে পারে বলে পুলিশের বিরুদ্ধে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি নেতা।
এরপরই তাঁকে গ্রেফতার করতে চেয়ে ব্যারাকপুরের আদালতে আবেদন করে পুলিশ। ইতিমধ্যে হাইকোর্ট থেকে যার রক্ষাকবচও নিয়ে এসেছেন অর্জুন।