
সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 22 April 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের দুর্গতদের জন্য অর্থ তুলতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতারা। ঘটনাকে কেন্দ্র করে এদিন বিকেলে হাজরায় ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপির একাধিক নেতৃত্বকে আটকে থানায় নিয়ে যায় পুলিশ।
সূত্রের খবর, পুলিশি নির্যাতনের অভিযোগে আগামীকাল বুধবার হাইকোর্টে মামলা করতে চলেছে বিজেপি। সুকান্ত মজুমদারের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালাল। পুলিশ অবশ্য বিজেপি নেতৃত্বর বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছে।
সম্প্রতি দুটি গোষ্ঠীর সংঘর্ষে মুর্শিদাবাদে অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। ওই ঘটনায় বহু মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বহু মানুষ ঘর ছাড়া হন। মুর্শিদাবাদের দুর্গতদের সাহায্যের জন্য এদিন কলকাতার হাজরায় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিলেন বিজেপির নেতা কর্মীরা।
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তমোঘ্ন ঘোষ, ফাল্গুনি পাত্ররা ছিলেন। অভিযোগ, আচমকা পুলিশ এসে তাঁদের ওপর হামলা করে। জোর করে টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়।
যদিও পুলিশের বক্তব্য, কোনও অনুমতি না নিয়ে জোর করে রাস্তা আটকে মানুষের সমস্যা তৈরি করছিলেন আন্দোলনকারীরা। সে কারণেই যথাযথ পদক্ষেপ করা হয়েছে। পাল্টা হিসেবে সুকান্তর বক্তব্য, তৃণমূল ভয় পেয়েছে। তাই পুলিশ দিয়ে বিরোধীদের আন্দোলন আটকাতে চাইছে।