
ফাইল ছবি।
শেষ আপডেট: 19 March 2025 11:17
দ্য ওয়াল ব্যুরো: হুগলি, বীরভূমের পর এবার পশ্চিম মেদিনীপুর। মদ্যপদের মারামারি থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশ কর্মীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সাগরপুরে।
পুলিশ সূত্রের খবর, গ্রামে পুজো ও হরিনাম সংকীর্তন ছিল। তা থেকেই গোলমাল বাঁধে। খবর পেয়ে সেখানে পৌঁছে মদ্যপদের মারামারি থামাতে গিয়ে গ্রামবাসীদের একাংশের বাধার মুখে পড়ে পুলিশ।
অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয়। তাতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই গ্রামে যায় পুলিশ বাহিনী ও ব়্যাফ। পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রামের ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে।
গ্রামবাসীদের অবশ্য অভিযোগ, গ্রামে ঢোকার সময় পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে এক যুবকের মাথা ফেটে যায়। তারপরই বাসিন্দাদের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে। যদিও গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি, মদ্যপদের মারামারি সামলাতে গিয়েই হামলার মুখে পড়তে হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
এর আগে হুগলির পান্ডুয়ায় আক্রান্ত হয়েছিল পুলিশ। তার অব্যহতির পরে বীরভূমের তিন তিন বার আক্রান্ত হয়েছে পুলিশ। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর। ওয়াকিবহাল মহলের মতে, এগুলি কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। একাংশ গ্রামবাসীর মধ্যে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, যা যথেষ্ট উদ্বেগের বলে মত সংশ্লিষ্ট মহলের।