
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 October 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: প্রোমোটার জামাইকে অপহরণ করে নিয়ে যায় চার দুষ্কৃতী। তারপরই মুক্তিপণ চেয়ে ফোন আসে। পুলিশের কাছে যান ব্যবসায়ী শ্বশুর। তাদের চেষ্টাতেই অবশেষে চার দিন পর গুরুতর অবস্থায় উদ্ধার হন অপহৃত।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। পঞ্চমীর রাতে নরেন্দ্রপুর বাইপাস লাগোয়া একটি ধাবায় আলোচনার জন্য ওই প্রোমোটারকে ডেকে পাঠানো হয়েছিল। সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় রানিয়া এলাকায়। নরেন্দ্রপুর পুলিশ জানায়, পুজোর মরশুমে মোটা টাকা আদায়ের জন্য আগে থেকে অপহরণের ছক কষে রাখা হয়েছিল।
অপহৃতের শ্বশুর থানায় গিয়ে অভিযোগ জানান, তাঁর জামাইকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ ১১ লক্ষ টাকাও চেয়েছে দুষ্কৃতীরা। মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে শেষমেশ রানিয়া এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় অপহৃত প্রোমোটারকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতার এক হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতেই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বারুইপুর আদালতে তোলা হবে তাদের।
এও জানা গেছে, খুন, চুরি, ছিনতাইয়ের মতো একাধিক সমাজবিরোধী কাজে এই চারজন আগে থেকেই জড়িত। একাধিক মামলাও রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে।