
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 April 2025 19:04
দ্য় ওয়াল ব্য়ুরো, মুর্শিদাবাদ: জিয়াউলের দুই ছেলেকে ওড়িশা থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। জাফরাবাদে পিতা-পুত্র খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই পুত্র। ঘটনার পর ওড়িশায় পালিয়ে গিয়েছিল তারা। তাদের সঙ্গে ঝাড়সুগুড়া থেকে আটক করা হয়েছে আরও ১৩ জনকে।
মুর্শিদাবাদে হিংসার ঘটনার পরই তাঁরা ঝাড়সুগুড়ায় গা-ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগে গোলমাল বাধে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। জাফরাবাদে পিতা-পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। গত শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয় এই ঘটনায় অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখকে। বেঙ্গল এসটিএফ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাঁকে গ্রেফতার করে। জাফরাবাদের পাশের সুলিতলা পূর্বপাড়ার বাসিন্দা জিয়াউল।
জিয়াউলকে জেরা করেই এবার খোঁজ মিলল তার দুই ছেলের। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের পাঁচ সদস্যের টিম ওড়িশার ঝাড়সুগুড়া পৌঁছয়। বন্ধাবাহাল এলাকায় তল্লাশি চালিয়ে জিয়াউল শেখের দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ওয়াকফ আইন বাতিলের দাবিতে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। দফায় দফায় বিক্ষোভ-রাস্তা অবরোধ চলে। বাধা দিতে গেলে আক্রান্ত হয় পুলিশ। সংঘর্ষে মৃত্যু হয় তিনজনের। আহত হয়েছেন অনেকে।