রাজ্যে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার আগে তাঁর সিকিম যাওয়ার কথা ছিল।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 29 May 2025 10:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার আগে তাঁর সিকিম (Sikkim) যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল করতে হল মোদীকে। খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে সিকিম গেলেন না প্রধানমন্ত্রী। বরং উত্তরবঙ্গ থেকেই ভার্চুয়াল সভা করলেন তিনি।
বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই উত্তরবঙ্গে চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকেই হেলিকপ্টারে সিকিমে যাওয়ার কথা ছিল তাঁর। আসলে ভারতের রাজ্য হিসেবে ৫০ বছরের উদযাপন করছে সিকিম। সেই উপলক্ষ্যেই সেখানে যেতেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচনও করতেন। এখন সবই তাঁকে করতে হয়েছে ভার্চুয়ালি।
মোদী রাজ্যের সভা থেকে কী বলেন, তার দিকেই আপাতত তাকিয়ে গোটা দেশ। চাকরিহারাদের সম্পর্কে কিছু বলেন কিনা, সে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এদিকে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গে গেছে চাকরিহারাদের প্রতিনিধি দলও। কিন্তু প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সেটা স্পষ্ট নয়।
বাংলায় আসার আগে নরেন্দ্র মোদী বুধবার রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূলের দুর্নীতির কথা। তবে আলাদা করে চাকরিহারা বা এসএসসি মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ উঠবে কিনা, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে।
অনেকের মনে করছেন, পাকিস্তানের হয়ে 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্যের কথা প্রচার করতে আসছেন মোদী। কিন্তু বিগত দিন ধরে চাকরিহারা ইস্যুতে রাজ্য যে উত্তাল তা নিশ্চয়ই নজর এড়াবে না তাঁর। সেই প্রেক্ষিতে বলা যায়, নিজের ভাষণে হয়তো এসএসসি মামলাকে জায়গা দেবেন প্রধানমন্ত্রী।