দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দেশের সংগঠন ব্রিকসে যোগ দিতে ব্রাজিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ব্রিকসের সমাপ্তি অনুষ্ঠান ছাড়াও আরও একাধিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার ইংরেজি আদ্যাক্ষর জুড়েই ব্রিকস। এই পাঁচ দেশেই বাস করে বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ। বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২৩ শতাংশ হয় এই পাঁচ দেশে। বিশ্ববাণিজ্যের ১২ শতাংশ এই পাঁচ দেশের দখলে রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পাঁচ দেশ একত্রিত হয়েছে।
ব্রাসিলিয়ায় বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ব্রিকসের বিজনেস ফোরামের সমাপ্তি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। নয়াদিল্লিতে এ কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের পররাষ্ট্র সচিব (অর্থনৈতিক সম্পর্ক) টিএস তিরুমূর্তি।
ব্রিকসের সমাপ্তি অনুষ্ঠানে সংশ্লিষ্ট পাঁচটি দেশের বিশাল বাণিজ্যিক প্রতিনিধিদল ব্রিকসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।
পাঁচ দেশের প্রত্যেকের দ্বিপাক্ষিক সমস্যা মেটানোর মঞ্চ হয়ে ওঠায় বেশ কিছু দিন হল ব্রিকসের গুরুত্ব বেড়েছে। এবারেও বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে ব্রাসিলিয়ায়।
জঙ্গি মোকাবিলার ব্যাপারে আলোচনা বেশ কয়েক বছর ধরে জোর দিচ্ছে ভারত। ব্রিকসের মধ্যে এ ব্যাপারে শুধু কঠোর অবস্থান নেওয়াই নয়, নির্দিষ্ট ভাবে এ নিয়ে আলোচনাও করেছে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি জোর দেবেন জঙ্গি মোকাবিলায় পারষ্পরিক সহযোগিতার উপর।
https://twitter.com/narendramodi/status/1194168454644994048
তিনি টুইট করে জানিয়েছেন, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যতের দিকেই তাঁর নজর থাকবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নিয়ে বৈঠকের পাশাপাশি ব্রিকসের পাঁচটি দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উপরেও তিনি জোর দেবেন।