ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ও তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মমতার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 8 January 2026 19:33
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস (I PAC) থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Chief Minister Mamata Banerjee)। বেরোনোর সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপিকে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যেকে সত্য প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।” তাঁর দাবি, পরিকল্পিত ভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে এই ‘হামলা’ চালানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এর উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষই। মুখ্যমন্ত্রীর কথায়, "হামলার প্রত্যুত্তর দেবেন বাংলার জনগন।"
আইপ্যাক অফিসে মুখ্যমন্ত্রীর দীর্ঘ উপস্থিতি ঘিরে দিনভর চর্চা চলেছে রাজনৈতিক মহলে। ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ও তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মমতার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির।
এদিন সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈন (Prateek Jain)-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেক (Salt Lake)-এ আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে (Loudon Street) প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির (Delhi) একটি পুরনো কয়লা পাচার (Coal Smuggling) মামলার সূত্র ধরেই এই অভিযান।
সেই খবর পেয়ে প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)। পরে আইপ্যাকের অফিসে পৌঁছন তিনি।
প্রায় ৪৫ মিনিট পর বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মনে করি এটা একটা ক্রাইম। মার্ডার অফ ডেমোক্রেসি। আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে।" এরপরই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, "আমি সৌজন্যতা দেখাব। কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে থাকব?"
অমিত শাহকে নিশানা করে বলেন, "হিম্মত থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন। তা না করে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চুরি করছেন? এবার আমি যদি বিজেপির অফিসে তল্লাশি করি? সেটা কি ঠিক হবে?"
তখনই মুখ্যমন্ত্রী জানান, ইডিকে দিয়ে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজি চুরির এই অপচেষ্টার বিরুদ্ধে এদিন বিকেল চারটেয় রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিল হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বিকেলে রাজ্যের প্রতিটি এলাকায় ইডি-বিজেপির বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সংগঠিত করে তৃণমূল।
দুপুরে সাংবাদিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী জানান, "আইপ্যাকের অফিস থেকে কী কী নথি লুট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে।" এদিকে তল্লাশি অভিযানে বাধা তৈরির অভিযোগে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। আগামিকাল মামলার শুনানি। অন্যদিকে তদন্তে বাধা দানের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। সবমিলিয়ে আইপ্যাকে ইডির অভিযান ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।