দ্য ওয়াল ব্যুরো: ভাল হয়েও হচ্ছে না পেলে (Pele), একবার বলছেন, আমি সুস্থ, আমি আবারও অফুরান হাসতে চাই। আবার তিনি একটু আনমনাও, বলছেন, জানি না ভালবাসার জোর আমাকে কতদূর নিয়ে যাবে!
হাসপাতালের (Hospital) সঙ্গে সম্পর্ক যেন ছিন্নই করতে পারছেন না ব্রাজিলীয় কিংবদন্তি (Legends)। সফলভাবে কোলন টিউমার অস্ত্রোপচারের পরেও হাসপাতালেই থাকতে হচ্ছে তাঁকে। শুধু তাই নয়, আইসিইউ (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) থেকে ছাড়া পাওয়ার পর আবার তাঁকে নেওয়া হয়েছে আইসিইউতে (ICU)।
তবে এবার গুরুতর কোনও কারণ নয় বলে জানিয়েছেন পেলের কন্যা কেলি নাসিমেন্তো। বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকার পেলে কন্যা জানিয়েছেন, ‘‘চিন্তার কিছু নেই, বাবাকে পরীক্ষার জন্যই আইসিইউ-তে নেওয়া হয়েছে সাময়িকভাবে, তিনি ভাল আছেন।’’
টিউমারের সফল অস্ত্রোপচারের পর মঙ্গলবার আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন ৮০ বছর বয়সী পেলে। কিন্তু তিনি কিছু খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে, তাই চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা করবেন বলে ঠিক করেছেন। হাসপাতাল থেকেও বলা হয়েছে, ফুটবল সম্রাট ভাল আছেন।
আরও পড়ুন: রোহিতদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন জয়বর্ধনে, ফের ভেসে উঠল কুম্বলের নাম
এই খবরের পর স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে পেলে ভক্তদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা, সবাই জানতে চান কেমন আছেন পেলে? সবাইকে আশ্বস্ত করেছেন পেলের মেয়ে কেলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে লিখেছেন, ভাল আছেন তাঁর বাবা।
রাতে তোলা ছবির ক্যাপশনে কেলি লিখেছেন, ‘‘আমি জানি না, বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার মেসেজ বক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আরও বাড়াতে চাই না। বাবা ভাল আছেন।’’
কেলি আরও লিখেছেন, ‘‘দেখুন,ছবিটি এই মাত্র তোলা হয়েছে। বাবার পরণে ভেস্ট পরা এবং সান্তিস্তায় অনেক ঠাণ্ডা, যা তাঁকে কষ্ট দেয়। তিনি ভাল, সুস্থ ও স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গিয়েছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'