
শেষ আপডেট: 28 August 2023 03:02
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে রবিবার রাতে উজ্জ্বল হয়ে উঠল ভারতের নাম। জ্যাভলিন থ্রোতে সোনা জিতে নীরজ চোপড়া আরও একবার ভারতবাসীকে গর্বিত করলেন। পাশাপাশি, পদক হাতছাড়া হলেও অলিম্পিকের দরজা খুললেন আরও এক ভারতীয়, পারুল চৌধুরী (parul chaudhury)।
ইভেন্টে ১১ নম্বরে শেষ করেন তিনি। তবে প্যারিস অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের জন্য বরাদ্দ সময়ের ভিতরেই তিনি শেষ করেন তাঁর ইভেন্ট। ফলে অলিম্পিকের দরজা খুলে গেল পারুলের জন্য। নিজের ইভেন্ট শেষ করতে ৯:১৫.৩১ সেকেন্ড সময় নেন পারুল চৌধুরী। এই ইভেন্টে প্রথম স্থানে রয়েছেন ব্রুনেইয়ের উইনফ্রেড মুটাইল ইয়াভি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন কেনিয়ার দুই প্রতিযোগী বিট্রাইস ও ফেইথ।
অন্যদিকে রবিবার জ্যাভলিনে ফের সোনা জিতলেন নীরজ। তিনি ফাইনালে উঠেছিলেন ৮৮.৭৭ মিটার থ্রো করে। এদিন তিনি সেরা সময় না করতে পারলেও বাকিদের পারফরম্যান্স আহামরি না থাকায় সোনা পেতে অসুবিধে হয়নি। নীরজ অবশ্য রবিবার ফাইনালে প্রথম থ্রোটিতে ফাউল করেছিলেন। কিন্তু দ্বিতীয় থ্রোয়ে বাজিমাত করতেই বাকিদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন।
এছাড়াও রিলে রেসেও ভারতের পারফরম্যান্স নজরকাড়া। ৪*৪০০ মিটার রেসে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। এই খেলার হিটে নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেন অ্যাথলিটরা। এতদিন এই রেকর্ড ছিল জাপানের দখলে। ২:৫৮:৪৭ সেকেন্ডে রিলে রেস শেষ করে সেই রেকর্ড ভেঙে দেন ভারতীয় খেলোয়াড়রা।